সিরিয়ার রাজধানী দামেস্কের হেজাজ এলাকায় একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আল-নাসর স্ট্রিটের ওই ক্যাফেতে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই তথ্য নিশ্চিত করেছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করে আল-মুজতাহিদ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা সেখানে ৫ জনকে মৃত ঘোষণা করেন এবং বাকি ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সিরিয়ান রেড ক্রিসেন্ট হাসপাতালেও একজন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়া জানিয়েছে, এটি পরিকল্পিত হামলা নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পৌঁছে আহতদের সরিয়ে নেয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে দামেস্কে বেশ কয়েকটি নাশকতামূলক ঘটনা ঘটেছে। গত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে গাড়িবোমা হামলায় একজন সেনা নিহত ও ২০ জন আহত হয়েছিলেন। এছাড়া একটি বাসে বিস্ফোরণে পাঁচজন বেসামরিক নাগরিক আহত হন। বাশার আল-আসাদের পতনের পর নতুন পার্লামেন্ট গঠনের প্রক্রিয়ার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটল।
সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বিস্তারিত জানুন সংবাদে।


0 Comments