রাজধানী ঢাকা ও দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টায় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ঢাকার আবহাওয়ার বিষয়ে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।
আবহাওয়ার সামগ্রিক পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কক্সবাজারসহ দেশের ৯টি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারির পাশাপাশি ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


0 Comments