মাঠ এবং মাঠের বাইরে বড় ধরনের সংকটের মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির শত শত মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এএফএ সভাপতি ক্লাউডিও "চিকি" তাপিয়ার নেতৃত্বাধীন এই ফেডারেশন এখন মার্কিন বিচার বিভাগ ও এফবিআইয়ের কঠোর নজরদারিতে রয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওন ও ফক্স স্পোর্টস মেক্সিকোর তথ্য অনুযায়ী, মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনে কোনো জালিয়াতি বা অর্থ পাচার হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মার্কিন প্রশাসনের মূল নজর এখন ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রোডএন্টার এলএলসি-এর দিকে, যারা বিদেশে এএফএর বাণিজ্যিক কার্যক্রম তদারকি করে। অনুসন্ধানে দেখা গেছে, সিটিব্যাংক, ব্যাংক অব আমেরিকা ও জেপি মরগানসহ পাঁচটি শীর্ষ মার্কিন ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত ২৬০ মিলিয়ন ডলার লেনদেন করেছে প্রতিষ্ঠানটি। অভিযোগ উঠেছে, এই বিপুল অর্থের মাত্র একটি ছোট অংশ ফুটবল দলের পরিচালন ব্যয়ে খরচ করা হয়েছে। বাকি অর্থের মধ্যে প্রায় ৫৭ মিলিয়ন ডলার কোনো বৈধ ব্যবসায়িক ভিত্তি ছাড়াই বিভিন্ন ভুয়া কোম্পানি ও সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এমনকি কোনো দৃশ্যমান সেবা ছাড়াই কোটি কোটি ডলার বুয়েনস আইরেস ও বারিলোচে শহরের এমন কিছু ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গেছে, যারা সরকারি সামাজিক অনুদান পেয়ে থাকেন।
৫৮ বছর বয়সী ক্লাউডিও তাপিয়া শুধু আন্তর্জাতিক তদন্তই নয়, নিজ দেশেও রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সরকারের সঙ্গে ক্লাবগুলোর মালিকানা নিয়ে বিরোধের জেরে তাপিয়ার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা করা হয়েছে। এছাড়া ঘরোয়া লিগের নিয়ম পরিবর্তন ও দুর্নীতির অভিযোগে সমর্থকদের মাঝেও তার জনপ্রিয়তা কমেছে। মার্কিন বিচার বিভাগের তিন অভিজ্ঞ প্রসিকিউটর প্যাট্রিক গুশু, ক্রিস্টোফার টিং এবং মাইকেল বার্জার এই তদন্ত প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন। তবে এএফএর আইনজীবীরা সব অভিযোগ অস্বীকার করে প্রাথমিক তদন্তকে অপরাধের প্রমাণ হিসেবে না দেখার আহ্বান জানিয়েছেন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কোটি কোটি ডলারের আর্থিক জালিয়াতির তদন্ত শুরু করেছে এফবিআই। সভাপতি ক্লাউডিও তাপিয়া এখন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছেন।


0 Comments