কর্নাটকের পরিবহণমন্ত্রী বৈরথি সুরেশ বেঙ্গালুরুর সরকারি বাস পরিষেবা বিএমটিসি-র মান যাচাই করতে শনিবার রাতে এক অভিনব অভিযান পরিচালনা করেন। সাধারণ যাত্রীর ছদ্মবেশে মুখে মাস্ক এবং সাধারণ পোশাক পরে তিনি শহরের বিভিন্ন রুটে প্রায় দুই ঘণ্টা ধরে ১০টিরও বেশি বাসে যাতায়াত করেন। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল সাধারণ যাত্রীদের ভোগান্তি এবং পরিষেবার মান সরেজমিনে খতিয়ে দেখা।
অভিযান চলাকালীন হেব্বাল-নাগাশেট্টিহাল্লি রুটের একটি বাসে এক অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হন মন্ত্রী। তিনি কন্ডাক্টরকে ভাড়ার জন্য ১০০ টাকার একটি নোট দিলে কন্ডাক্টর জানান যে তার কাছে পর্যাপ্ত খুচরো টাকা নেই। এমনকি সঠিক ভাড়া দিতে না পারায় কন্ডাক্টর তাকে বাস থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। নিজের পরিচয় প্রকাশ না করে মন্ত্রী নিঃশব্দে বাস থেকে নেমে যান এবং সাধারণ যাত্রীদের নিয়মিত হেনস্থার বিষয়টি উপলব্ধি করেন।
বাস ছাড়াও অটো পরিষেবা নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ পান পরিবহণমন্ত্রী বৈরথি সুরেশ। অভিযান শেষে তিনি জানান, সরকারি পরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রীসেবার মান বাড়াতে ভবিষ্যতে এই ধরনের আকস্মিক পরিদর্শন বা 'সার্জিক্যাল স্ট্রাইক' অব্যাহত থাকবে।
ছদ্মবেশে বাসে উঠে কন্ডাক্টরের হাতে হেনস্থার শিকার হলেন কর্নাটকের পরিবহণমন্ত্রী বৈরথি সুরেশ। খুচরো না থাকায় তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। সরকারি পরিষেবার মান যাচাইয়ে এই ঝটিকা অভিযান চালান তিনি।


0 Comments