ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নিয়ে বর্তমান সরকার উৎখাতের পরিকল্পনা করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালনকারী অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হলেও শনিবার তা প্রকাশ্যে আসে।
সাময়িক বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৬ জুন ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামক একটি টেলিগ্রাম গ্রুপে আয়োজিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কল্যানাংশু নাহা। সেখানে তিনি নিজের রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠা এবং বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনা ব্যক্ত করেন, যা বিশ্ববিদ্যালয় চাকরিবিধির পরিপন্থী। এই সংক্রান্ত অডিও ও ভিডিও প্রমাণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানানো হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এবং কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা সংবিধি অনুযায়ী তদন্তের স্বার্থে তাঁকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান জানান, কর্তৃপক্ষের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান তপন কুমার সরকার বরখাস্তের অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযুক্ত শিক্ষক কল্যানাংশু নাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
নিষিদ্ধ দলের নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক ও সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


0 Comments