ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার জানাজায় অংশ নিতে তিনি তেহরান পৌঁছান।
শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বৈঠকে স্পিকার গালিবাফ বাংলাদেশ প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এই শোকের সময়ে বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষ ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে।
দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে স্পিকার বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের মধ্যকার এই বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তি সমঝোতা বাস্তবায়নে স্পিকার গালিবাফের ভূমিকার প্রশংসা করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।
বৈঠক শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। উক্ত অনুষ্ঠানে ইরানের ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্যবৃন্দ এবং তেহরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তেহরানে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।


0 Comments