ইউরোপের তিন দেশ ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে গত জুন মাসের আট দিনের তীব্র তাপপ্রবাহে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ হাজার ৭০০ জন। রয়টার্সের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি তথ্যের ভিত্তিতে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী এই তাপপ্রবাহকে ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট এই চরম আবহাওয়ায় দেশগুলোতে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা অবকাঠামো ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে। মৃতদের অধিকাংশই আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট এক টেলিভিশন ভাষণে জানান, ফ্রান্সে এই আট দিনে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা উল্লেখযোগ্য। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে। এদিকে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত দেশটিতে ১ হাজার ২০০ জন অতিরিক্ত প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছরের বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে বর্ণনা করেছে। এছাড়া নেদারল্যান্ডসে তাপপ্রবাহের কারণে ৪৮০ জনের মৃত্যু হয়েছে, যাদের বড় একটি অংশই ৮০ বছরের বেশি বয়সী।
ইউরোপের তিন দেশে তীব্র তাপপ্রবাহে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট এই চরম আবহাওয়ায় ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।


0 Comments