ভারতে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তির (নিট) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী, সাধারণ মানুষ ও অধিকারকর্মী সোনম ওয়াংচুকের ওপর পুলিশি দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বর্তমানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং জাতীয় পর্যায়ের পরীক্ষা আয়োজনে জবাবদিহি নিশ্চিতের দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সোনম ওয়াংচুক অনশন শুরু করলে তাকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে কর্মসূচি পালনকালে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে, যাতে অনেক শিক্ষার্থী আহত হন। শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ, গণগ্রেপ্তার ও উচ্ছেদকে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী হিসেবে অভিহিত করেছে সংগঠনটি। তারা অবিলম্বে আন্দোলনকারীদের ওপর আইনি হয়রানি বন্ধ, আটককৃতদের মুক্তি এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান। দক্ষিণ এশিয়ার যেকোনো দেশে মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাতের বিরুদ্ধে সোচ্চার হওয়া নৈতিক দায়িত্ব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ, সজীব তানভীর, মাহতাব উদ্দীন আহমেদ, মারজিয়া প্রভা ও নাজমুস সাকিব।
ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে সোনম ওয়াংচুকসহ আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানানো হয়েছে।


0 Comments