রাষ্ট্রের ব্যয় সংকোচন, জ্বালানি সংকট মোকাবিলা এবং পুলিশের জনবল ও যানবাহনের ঘাটতি মেটাতে ১৮ জন পূর্ণ মন্ত্রীর পুলিশ প্রোটেকশন স্কর্ট প্রত্যাহার করার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের নিরাপত্তা বহর সীমিত করার পর মন্ত্রিসভার সদস্যদের ক্ষেত্রেও এই কৃচ্ছ্রসাধন নীতি কার্যকর করা হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ইতোমধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করেছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, ১৮ জন মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর সরিয়ে নেওয়া হলেও সরকারি নিয়ম অনুযায়ী তাদের ব্যক্তিগত গানম্যান, হাউস গার্ড এবং ঢাকার বাইরে সফরের সময় প্রয়োজনীয় পুলিশি সুবিধা বহাল থাকবে। সাধারণত একটি প্রোটেকশন স্কর্টে একজন উপপরিদর্শক ও চারজন কনস্টেবলের সমন্বয়ে একটি দল এবং একটি পিকআপ ভ্যান থাকে। মূলত সরকারি ব্যয় কমাতে এবং পুলিশের ওপর চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমানে মন্ত্রিসভার ২৪ জন পূর্ণ মন্ত্রীর মধ্যে গুরুত্ব বিবেচনায় ৬ জন মন্ত্রী ও একজন উপদেষ্টার স্কর্ট সুবিধা বহাল রাখা হয়েছে। তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অন্যদিকে যাদের স্কর্ট প্রত্যাহার করা হয়েছে তারা হলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ; পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান; সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী; ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম; শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক; তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন; কৃষি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের; শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সংশ্লিষ্ট সূত্রমতে, জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে তীব্র গাড়ি সংকট চলছে। এছাড়া ঢাকায় ভিআইপিদের নিরাপত্তায় ২ হাজার ৫৭৫ জন পুলিশ সদস্যের প্রয়োজন থাকলেও বর্তমানে কর্মরত আছেন ১ হাজার ৬৯১ জন। এই বিশাল জনবল ঘাটতি ও ব্যয় কমাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যয় সংকোচন ও পুলিশের জনবল সংকট মোকাবিলায় ১৮ জন পূর্ণ মন্ত্রীর পুলিশ প্রোটেকশন স্কর্ট প্রত্যাহার করেছে সরকার। তবে গুরুত্বপূর্ণ ৭ জনের এই বিশেষ নিরাপত্তা সুবিধা বহাল থাকছে।


0 Comments