কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) আওতাধীন সাবরাং বিওপির ডেইলপাড়া-মুন্ডার ডেইল এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে একটি সংঘবদ্ধ চক্র বড় ধরনের মাদক ও অস্ত্র পাচারের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাবরাং এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। ভোর ৪টার দিকে সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে একটি ইজিবাইক আসতে দেখে বিজিবি থামার সংকেত দেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকে থাকা পাচারকারীরা গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি, ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত মাদক, আগ্নেয়াস্ত্র ও ইজিবাইকের মোট আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহল অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ অন্যান্য আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
টেকনাফে বিজিবির অভিযানে ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও রাইফেলসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা পালিয়ে গেলেও মাদক ও অস্ত্র জব্দ করেছে ২ বিজিবি।


0 Comments