সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বা পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে একবারে পুরো কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম পর্যায়ে শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বা বেসিক বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি জুলাই মাসের মাঝামাঝি বা শেষ নাগাদ এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশিত হতে পারে। এরই মধ্যে ২০টি গ্রেডের নতুন মূল বেতনের একটি খসড়া রূপরেখাও সামনে এসেছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি ও রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন বেতন কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রথম দফায় শুধু মূল বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কোন গ্রেডে ঠিক কত টাকা বা কত শতাংশ বেতন বাড়ছে, সে বিষয়ে গেজেট প্রকাশের আগে তিনি নির্দিষ্ট করে কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো গেজেট চূড়ান্ত করার লক্ষ্যে নিবিড়ভাবে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকুরেদের জন্য নতুন পে-স্কেল চালুর বিষয়টি সামনে আনেন। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি জানিয়েছিলেন, ১ জুলাই থেকে ধাপে ধাপে এই নতুন কাঠামো কার্যকর হবে। উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে দীর্ঘ ১১ বছর পর সরকার এই উদ্যোগ নিয়েছে বলে সে সময় জানিয়েছিলেন অর্থমন্ত্রী।
প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে আগের মতো ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। খসড়া অনুযায়ী, প্রথম বা সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত মূল বেতন প্রস্তাব করা হয়েছে যথাক্রমে ১ লাখ ৩২ হাজার, ১ লাখ ১৩ হাজার, ১ লাখ এবং ৮৬ হাজার টাকা। এছাড়া ষষ্ঠ থেকে দশম গ্রেডের মূল বেতনের কাঠামো ৭১ হাজার থেকে ৩২ হাজার টাকার মধ্যে নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ১১তম থেকে ১৫তম গ্রেড পর্যন্ত যথাক্রমে ২৫ হাজার থেকে ২২ হাজার ৮০০ টাকা এবং ১৬তম থেকে ১৯তম গ্রেড পর্যন্ত ২১ হাজার ৯০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন বা ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবে। সংশ্লিষ্টরা আশা করছেন, জুলাই মাসে গেজেট প্রকাশের মাধ্যমেই এই প্রক্রিয়া চূড়ান্ত হবে।
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল। প্রথম পর্যায়ে বাড়বে শুধু মূল বেতন। চলতি জুলাই মাসেই চূড়ান্ত গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।


0 Comments