কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে সাঁতরে ইয়াবা পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস মাদকসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার মধ্যরাতে শাহপরীরদ্বীপ জেটি সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। আটককৃত ব্যক্তির নাম জাগীর হোসেন (২৮)। সে টেকনাফ থানার সাবরাং জালিয়াপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, মিয়ানমার থেকে মাদকের বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল নাফ নদী এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১টার দিকে মিয়ানমার সীমান্ত থেকে এক ব্যক্তিকে দুটি বস্তাসহ সাঁতরে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখে নৌটহল দল তাকে আটক করে। পরে বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাগীর হোসেন স্বীকার করেছে যে, সে মিয়ানমার থেকে আসা নৌকা থেকে নেমে মাদকসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। জব্দকৃত ইয়াবা ও আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফে নাফ নদী দিয়ে সাঁতরে ইয়াবা পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস মাদকসহ এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


0 Comments