‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী জেলা সংসদের উদ্যোগে দুই দিনব্যাপী বর্ষা বন্দনা-১৪৩৩ উৎসব শুরু হয়েছে। আয়োজনের প্রথম দিন শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম। দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দেড় শতাধিক শিশু-কিশোর ও তরুণ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রখ্যাত অভিনয় ও নৃত্যশিল্পী মেহেবুবা মহানূর চাঁদনী, বুলবুল ললিতকলা একাডেমির প্রশিক্ষক ও কোরিওগ্রাফার সোহেল রহমান, সঙ্গীতগুরু বিভাষ সেনগুপ্ত, সঙ্গীত প্রযোজক ও প্রশিক্ষক দ্বীপলাল চক্রবর্তী এবং কক্সবাজার সিটি কলেজের প্রভাষক ও সঙ্গীতশিল্পী ইপ্সিতা চক্রবর্তী। প্রতিযোগিতা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মনির মোবারক-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না। তিনি বলেন, একটি মানবিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। শিশুদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গান ও নৃত্যের ভূমিকা অপরিসীম।
বিচারক ও প্রশিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌমিতা ভট্টাচার্য ও দেবী ভট্টাচার্য সপ্তমী। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের অর্থ সম্পাদক আয়াত উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদ মুবিন, দপ্তর সম্পাদক বাবলু দে এবং সদস্য প্রিয়া ধর, জাওয়াদ বাশার অনন্ত, সুস্মিতা পাল তমা, রনি দাশগুপ্ত, শৈবাল বড়ুয়া ও শেখ ইউনুছ। সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত বিচারকদের হাতে কৃতজ্ঞতা স্মারক তুলে দেওয়া হয়।
কক্সবাজারে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ষা বন্দনা উৎসব। প্রথম দিনে সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেড় শতাধিক শিশু-কিশোর। সুস্থ সংস্কৃতি চর্চায় এই আয়োজন।


0 Comments