বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের জল নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমুদ্রে ডুবে মৃত্যু প্রতিরোধে দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে 'জেসিআই কক্সবাজার বে গার্ডিয়ানস ইনিশিয়েটিভ' এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কলাতলীর হোটেল রামাদায় "Creating a Safer Sea for All – A Multi-Stakeholder Dialogue on Water Safety and Drowning Prevention" শীর্ষক একটি উচ্চপর্যায়ের বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়। মেহবুবা জেবীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সৈকতের বাস্তব চিত্র ও ঝুঁকি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
জেসিআই কক্সবাজারের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট জিশান মনোয়ার স্বাগত বক্তব্যে এই প্রকল্পের লক্ষ্য, প্রেক্ষাপট এবং চারটি মূল কর্মধারা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন। জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ এই উদ্যোগকে একটি 'লিগ্যাসি প্রজেক্ট' হিসেবে উল্লেখ করে সরকারি-বেসরকারি ও যুবসমাজের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সংলাপে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর ২০২৬ সালের বিশ্ব সভাপতি আলেজান্দ্রা কাস্টিলো, জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (জেলা প্রশাসকের প্রতিনিধি) মামনুন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপারের প্রতিনিধি) শামীম কবির, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধি সালাউদ্দিন খান এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রতিনিধি সিরাজুল ইসলাম।
বক্তারা সৈকতে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী, জাতিসংঘ সংস্থা এবং পর্যটন সংশ্লিষ্টদের অংশীদারিত্বের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। এই উদ্যোগের আওতায় চারটি প্রধান কার্যক্রম ঘোষণা করা হয়: লাইফসেভিং ও ওয়াটার স্পোর্টস প্রশিক্ষণ একাডেমি, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল, সৈকতে লাইফ জ্যাকেট ও সরঞ্জাম স্টেশন স্থাপন এবং প্রশিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
অনুষ্ঠানে "Cox’s Bazar Water Safety Declaration 2026" গ্রহণ করা হয়, যেখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিরাপদ পর্যটন গন্তব্য গড়তে অঙ্গীকার করে। এই প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসন, আইএলও, সার্ফ লাইফ সেভিং বাংলাদেশ, জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ সহযোগিতা করছে।
কক্সবাজারে পর্যটকদের জল নিরাপত্তা নিশ্চিত ও সমুদ্রে ডুবে মৃত্যু রোধে জেসিআই কক্সবাজারের বে গার্ডিয়ানস ইনিশিয়েটিভের যাত্রা শুরু হয়েছে। নিরাপদ পর্যটন গড়তে সব পক্ষ একযোগে কাজ করার অঙ্গীকার করেছে।


0 Comments