কক্সবাজারভিত্তিক সংবাদমাধ্যম টিটিএনের সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাকে আরও সমৃদ্ধ করতে তিন দিনব্যাপী এক ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘জেন্ডার অ্যান্ড কনফ্লিক্ট সেন্সিটিভ জার্নালিজম’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে ডয়েচে ভেলে একাডেমি (DW Akademie)। গত ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত টিটিএনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণে প্রতিষ্ঠানটির ১৬ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশে ডয়েচে ভেলে একাডেমির কান্ট্রি কো-অর্ডিনেটর ও প্রধান প্রশিক্ষক মাইনুল ইসলাম খান এবং ট্রেইনার মাফিয়া মুক্তা। তিন দিনের এই নিবিড় প্রশিক্ষণে জেন্ডার ও সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা, নৈতিক সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, ডিজিটাল স্টোরিটেলিং, মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ, ভিজ্যুয়াল স্টোরিটেলিং এবং সাক্ষাৎকার গ্রহণের কৌশলসহ বিভিন্ন ব্যবহারিক বিষয়ে আলোচনা ও অনুশীলন করা হয়। সমাপনী দিনে অংশগ্রহণকারী সংবাদকর্মীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন টিটিএনের প্রধান নির্বাহী তৌফিক লিপু, ডিডাব্লিউ একাডেমির প্রধান প্রশিক্ষক মাইনুল ইসলাম খান এবং ট্রেইনার মাফিয়া মুক্তা। এসময় টিটিএনের পক্ষ থেকে ডয়েচে ভেলে একাডেমির প্রশিক্ষকদের হাতে কৃতজ্ঞতা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক মাইনুল ইসলাম খান বলেন, কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে আন্তর্জাতিক মানের সংবাদ পরিবেশনের মাধ্যমে টিটিএন বৈশ্বিক পরিসরে নিজেদের উপস্থিতি আরও জোরালো করতে পারে। টিটিএনের প্রধান নির্বাহী তৌফিক লিপু বলেন, সংবাদকর্মীদের পেশাদার সাংবাদিকতার মৌলিক বিষয়গুলোর সঙ্গে পরিচিত করতে এবং আধুনিক সাংবাদিকতায় দক্ষ করে তুলতেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে টিটিএনের প্রধান সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানান এবং ডয়েচে ভেলে একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এই কর্মশালা তাদের দায়িত্বশীল ও আন্তর্জাতিক মানের সাংবাদিকতা চর্চায় নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে।
কক্সবাজারে টিটিএন সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ডয়েচে ভেলে একাডেমির তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৬ জন সংবাদকর্মী আধুনিক সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ নেন।


0 Comments