বলিউডে নিজের অবস্থান তৈরির পেছনে শৈশবে শেখা শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়কে মূল কারিগর হিসেবে দেখছেন অভিনেত্রী সঞ্জনা সাংঘী। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি তার ক্যারিয়ারের শুরু, দীর্ঘ সংগ্রাম এবং সাফল্যের নেপথ্যের গল্পগুলো ভক্তদের সাথে শেয়ার করেছেন।
সঞ্জনা জানান, সাত বছর বয়সে বাবার ইচ্ছায় কত্থক এবং মায়ের ইচ্ছায় কনটেম্পোরারি জ্যাজ শেখা শুরু করেন তিনি। শুরুতে চাপ মনে হলেও পরবর্তীতে নাচের প্রতি ভালোবাসা জন্মে এবং এই অনুশীলনই তাকে শৃঙ্খলার শিক্ষা দেয়। এই শিক্ষাই জীবনের কঠিন সময়ে তাকে শক্তি জুগিয়েছে বলে তিনি মনে করেন।
মাত্র ১৩ বছর বয়সে ইমতিয়াজ আলী পরিচালিত ‘রকস্টার’ ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। রণবীর কাপুরের মতো বড় তারকার সামনে আত্মবিশ্বাসের সাথে অভিনয় করার পেছনে নাচের মাধ্যমে অর্জিত বিনয় ও পরিশ্রম বড় ভূমিকা রেখেছিল বলে তিনি উল্লেখ করেন। ক্যারিয়ারের শুরুর দিকের একটি হতাশার কথা জানিয়ে তিনি বলেন, ১৭ বছর বয়সে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেও সেই ছবিটি মুক্তি পেতে দীর্ঘ ১১ বছর সময় লেগেছিল।
‘দিল বেচারা’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করা এই অভিনেত্রী ‘রাষ্ট্র কবচ ওম’, ‘ধক ধক’ এবং ‘কড়ক সিং’-এর মতো ছবিতে কাজ করেছেন। বর্তমানে তিনি শচীন রবি পরিচালিত অ্যাকশন থ্রিলার ছবি ‘হিটম্যান’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে টাইগার শ্রফ, সুনীল শেঠি এবং অমিত সাধের সাথে তাকে জমজমাট অ্যাকশন দৃশ্যে দেখা যাবে।
বলিউডে নিজের সাফল্যের পেছনে শৈশবের শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমকে কৃতিত্ব দিলেন অভিনেত্রী সঞ্জনা সাংঘী। ক্যারিয়ারের সংগ্রাম ও নতুন ছবি ‘হিটম্যান’ নিয়ে নানা অভিজ্ঞতার কথা জানালেন এই তারকা।


0 Comments