অদম্য মেধা আর কঠোর পরিশ্রমের সমন্বয়ে প্রথমবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়েই অভাবনীয় সাফল্য অর্জন করেছেন নেত্রকোনার তরুণ তানভীর রহমান। ৪৭তম বিসিএসের ফলাফলে তিনি পররাষ্ট্র ক্যাডারে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছেন। নেত্রকোনা সদর উপজেলার রায়দুম বাগড়া গ্রামের বাসিন্দা আবদুর রহমান ও রিনা পারভীন দম্পতির বড় সন্তান তানভীরের এই সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে।
তানভীরের বাবা আবদুর রহমান স্থানীয় শামছুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা রিনা পারভীন একজন গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় তানভীর ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ২০১৭ সালে এসএসসি এবং ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ২০২৫ সালে স্নাতক সম্পন্ন করেন। এরপর একই বছরের ১ জুন তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততার মাঝেও তিনি বিসিএসের প্রস্তুতি চালিয়ে যান এবং প্রথম সুযোগেই দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেন।
কেবল পড়াশোনাতেই নয়, ক্রীড়াঙ্গনেও তানভীরের বিচরণ ছিল ঈর্ষণীয়। শৈশব থেকেই ফুটবল ও ক্রিকেটের প্রতি অনুরাগী এই তরুণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অর্ধশতাধিক পুরস্কার অর্জন করেছেন। প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ টুর্নামেন্টেও তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন।
ছেলের এই ঐতিহাসিক সাফল্যে আবেগাপ্লুত বাবা আবদুর রহমান বলেন, এটি মহান আল্লাহর অশেষ রহমত। তানভীর সব সময় সুশৃঙ্খল জীবনযাপন করেছে এবং ক্যাডেট লাইফের ডিসিপ্লিন তাকে অনেক দূর এগিয়ে দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তার সন্তান যেন সততা ও দক্ষতার সাথে রাষ্ট্রের দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। প্রতিবেশী সৈয়দ শামসুল হক জানান, তানভীর প্রমাণ করেছেন যে বড় স্বপ্ন পূরণে তীব্র ইচ্ছাশক্তিই যথেষ্ট। বর্তমানে তানভীর রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিজেকে প্রস্তুত করছেন।
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন নেত্রকোনার তানভীর রহমান। বুয়েট থেকে পড়াশোনা শেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি প্রথমবারেই এই অভাবনীয় সাফল্য পেলেন তিনি।


0 Comments