রাজধানীর রমনা এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ড আবদুস সালামের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় নিয়মিত ধানের শীষ হাতে দাঁড়িয়ে সম্মান জানানোয় তাঁর প্রতি এই সদয় দৃষ্টি দেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রাজধানীর রমনায় গিয়ে আবদুস সালামের সঙ্গে দেখা করেন এবং তাঁর হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি আবদুস সালামের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পাবনার নগরবাড়ী ঘাট এলাকার বাসিন্দা আবদুস সালাম গত আট মাস ধরে সাবেক রমনা থানার সামনের একটি বুথে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন। আগে তিনি গাড়ি চালাতেন, তবে স্ট্রোক করার পর শারীরিক অসুস্থতার কারণে পেশা পরিবর্তন করতে বাধ্য হন। বর্তমানে তিনি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত আবদুস সালাম জানান, তিনি কখনো কল্পনাও করেননি যে তাঁর এই ক্ষুদ্র সম্মান প্রদর্শন প্রধানমন্ত্রীর নজরে আসবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা ও মায়ের প্রতি তাঁর গভীর ভালোবাসা রয়েছে। প্রধানমন্ত্রী যখন এই পথ দিয়ে যান, তখন তিনি প্রতিদিন সালাম দেন এবং প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে ও হেসে তার উত্তর দেন। উপহার পাওয়ার পর দিনটিকে জীবনের সেরা ও সবচেয়ে আনন্দের দিন হিসেবে অভিহিত করেন তিনি।
রাজধানীর রমনায় ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড আবদুস সালামকে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এমন মহানুভবতায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন ওই নিরাপত্তারক্ষী।


0 Comments