সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং রাইটার্স ওয়েব বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬’ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আহমেদ আযম খান তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে তাঁদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষা পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম মোফাজ্জল হোসেন, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মোহাম্মদ শামসুল হক এবং স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ফারহানা হেলাল মেহতাব। এছাড়াও বক্তব্য দেন রাইটার্স ওয়েব বাংলাদেশের সভাপতি আব্বাস ফারুক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গৌরাঙ্গ মোহান্তো এবং সাধারণ সম্পাদক তালুকদার লাভলী।
আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের প্রায় ১৫টি দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষকেরা সরাসরি ও ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবিতা ও প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব কবিতা দিবস উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।


0 Comments