ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামের নাম ব্যবহার করে অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা কিংবা ধোঁকাবাজি করলে তা কখনো ইসলাম হতে পারে না। বরং ইসলামের নামে বিজাতীয় সংস্কৃতি ও অনৈসলামিক কর্মকাণ্ড পরিচালনা করলে ধর্মই কলঙ্কিত হয়। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে চরমোনাই পীর বলেন, সৎ নেতা ও সঠিক নীতি ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। দেশে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি নির্মূল করতে ইসলামের শ্রেষ্ঠ আদর্শের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর যাদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, তারা জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নে তাদের মধ্যে অনীহা দেখা যাচ্ছে।
দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সমাবেশে বলেন, বর্তমানে সংসদে কার্যকর কোনো বিরোধী দল নেই। জামায়াত জোটের সংসদ সদস্যরা সরকারের তল্পিবাহকে পরিণত হয়েছে এবং তারা জনগণের স্বার্থে কথা না বলে সংসদে কুসুম কুসুম বিরোধিতা করছে। তিনি আরও বলেন, সরকারদলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদের চাঁদাবাজি সংক্রান্ত বক্তব্য অত্যন্ত দুঃখজনক।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ এবং সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামের নামে অনৈতিকতা করলে ধর্ম কলঙ্কিত হয়। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সুশাসনের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


0 Comments