ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বাউল ও সন্ন্যাসীদের ওপর হামলা ও মাজার ভাঙচুরের তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশনা

বাউল ও সন্ন্যাসীদের ওপর হামলা ও মাজার ভাঙচুরের তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশনা

বাউল, ফকির ও সন্ন্যাসীদের ওপর হামলা এবং মাজার ও খানকায় আক্রমণের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। আগামী ৬০ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শককে তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আদালতে দাখিলকৃত রিট আবেদনে উল্লেখ করা হয়, বাউল ও ফকিরদের ওপর নিপীড়ন কেবল আখড়ায় হামলা বা গান নিষিদ্ধের ফতোয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। অনেক ক্ষেত্রে তাদের চুল ও জটা জোরপূর্বক কেটে দিয়ে শারীরিক ও মানবিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। রিটকারীদের অভিযোগ, রাষ্ট্রের নিষ্ক্রিয়তার কারণে এ ধরনের সহিংসতা ও ধর্মীয় নিপীড়ন আরও বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোও এই বিদ্বেষ উসকে দিচ্ছে বলে আবেদনে জানানো হয়।

নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন পারভীন হক, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আমেনা মহসিন, সুরেশ্বর দরবার শরিফের পীর হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, অধ্যাপক গীতি আরা নাসরীন, লেখক ও গবেষক আলতাফ পারভেজ এবং সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ বেশ কয়েকজন সচেতন নাগরিকের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এই আবেদনটি করেন।

আদালত এই সম্প্রদায়ের সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। স্বরাষ্ট্রসচিব, ধর্মসচিব, সংস্কৃতিসচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীদের মতে, এসব ঘটনা সংবিধানের ২৭, ৩১, ৩৫(৫), ৩৬, ৩৯(১) ও ৪১ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী।

শুনানিতে রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ, মো. জাহিদুল ইসলাম (জনি) এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাকির হোসাইন, মো. হুমায়ুন কবির সিদ্দিকী, মো. তানভীর প্রধান ও শারমিন হামিদ।

সংক্ষেপে:
বাউল, ফকির ও সন্ন্যাসীদের ওপর হামলা এবং মাজার ভাঙচুরের অভিযোগ তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সম্প্রদায়ের সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতে রুল জারি করা হয়েছে।
বাউল ও সন্ন্যাসীদের ওপর হামলা ও মাজার ভাঙচুরের তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশনা

0 Comments