প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। যেসব পরীক্ষার্থী পুনরায় পরীক্ষায় বসতে আগ্রহী, তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ কেন্দ্রে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব শিক্ষার্থী গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা এই সুযোগ পাবে। এছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীরাও রেজিস্ট্রেশন করতে পারবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, রেজিস্ট্রেশন সম্পন্ন করা শিক্ষার্থীদের যাবতীয় তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই পুরো প্রক্রিয়াটিকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।
বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা মিস করা শিক্ষার্থীদের জন্য ২৯ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। চট্টগ্রাম বাদে অন্য সব বোর্ডের আগ্রহী পরীক্ষার্থীদের এই নির্দেশনা মানতে হবে।


0 Comments