ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির মতবিনিময় সভায় হামলা ও ভাঙচুর, প্রতিবাদে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ

হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির মতবিনিময় সভায় হামলা ও ভাঙচুর, প্রতিবাদে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ

টেকনাফ উপজেলার ১ নম্বর হোয়াইক্যং মডেল ইউনিয়ন বিভক্তির বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২৩ জুলাই বিকেল ৩টার দিকে হোয়াইক্যং কানজর পাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

জানা গেছে, ইউনিয়ন বিভক্তির বিষয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণের জন্য এই সভার আয়োজন করা হয়েছিল। সভা চলাকালীন হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয় এবং একদল লোক বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। হামলাকারীরা ইউনিয়ন পরিষদের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এতে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজালাল চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজালাল চৌধুরী জানান, বৈঠক চলাকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক হামলা চালায়। ইটের আঘাতে তিনি নিজেও আহত হয়েছেন। সভায় উপস্থিত স্থানীয়রা অভিযোগ করেন, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হলেও তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি।

উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলী অভিযোগ করে বলেন, সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে আয়োজিত এই সভায় প্রশাসনের কেউ উপস্থিত ছিলেন না। এক ঘণ্টা ধরে ফোন করার পরও আইনশৃঙ্খলা বাহিনী দেরিতে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে, যাতে যুবদল ও ছাত্রদলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনার সময় সভায় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংক্ষেপে:
টেকনাফে হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির মতবিনিময় সভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে বিএনপি। হামলায় ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির মতবিনিময় সভায় হামলা ও ভাঙচুর, প্রতিবাদে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ

0 Comments