রাজধানীর পল্লবী এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আনোয়ার হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পল্লবী থানা সূত্রের বরাতে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে ভুক্তভোগী কিশোরী শৌচাগার থেকে ফেরার সময় অভিযুক্ত আনোয়ার হোসেন তার মুখ চেপে ধরেন। এরপর জোরপূর্বক তাকে নিজের ঘরে নিয়ে মারধর করেন এবং মুখে বালিশ চাপা দিয়ে অচেতন করে ধর্ষণ করেন। পরে তাকে বিবস্ত্র অবস্থায় বাইরে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।
পরবর্তীতে স্থানীয় এক ব্যক্তি অজু করতে যাওয়ার সময় ওই কিশোরীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তার ডাকে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আনোয়ার হোসেনকে আটকে রাখেন এবং খবর পেয়ে পল্লবী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, আনোয়ার হোসেন বিভিন্ন সময় ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এই ঘটনায় পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ভুক্তভোগী কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


0 Comments