প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে বর্তমান সরকার নারীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে স্নাতক বা অনার্স পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার মেয়েদের শিক্ষা উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করেছিলেন এবং বর্তমান সরকার সেই ধারা বজায় রেখে এখন তা অনার্স পর্যন্ত বিস্তৃত করতে চায়।
সরকারপ্রধান আরও জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও শক্তিশালী করতে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। সংসদে উপস্থিত নারী শিক্ষার্থীদের কথা উল্লেখ করে তিনি বলেন, অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও রাখা হবে।
এদিকে মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। তারেক রহমান সংসদকে আশ্বস্ত করে বলেন, দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর কাছে পর্যায়ক্রমে এই সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে সরকার।
নারীদের উচ্চশিক্ষায় বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে মেয়েরা অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হবে স্কুল ড্রেস ও ব্যাগ।


0 Comments