ফরহাদ আহমদ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে লামা নদীর বিভিন্ন ঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি শ্যালো মেশিন ও বেশ কিছু পাইপ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় লামা থানার এসআই শাকিল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লামা নদীর ওই এলাকায় ব্লক নির্মাণের জন্য এক শ্রেণির অসাধু চক্র প্রতি রাতে অবৈধভাবে শ্যালো মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
উপজেলা প্রশাসনের আকস্মিক অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা ২টি শ্যালো মেশিন ও ব্যবহৃত পাইপ জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। নদী ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
লামা নদীতে গভীর রাতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন। জড়িতরা পালিয়ে যায়।


0 Comments