পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গবাদিপশুর জন্য গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজী মদ্দীন ওরফে খাজা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাজী মদ্দীন টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুরহাট এলাকার মৃত নদেশ তালুকদারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গবাদিপশুর জন্য কাঁঠাল গাছের পাতা সংগ্রহ করতে তিনি একটি আমগাছে ওঠেন। সেখান থেকে একটি বাঁশের লাঠি দিয়ে পাশের কাঁঠাল গাছের ডাল পাড়ার চেষ্টা করেন। এ সময় বাঁশের লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। লাঠিটি ভেজা থাকায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা তাকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জে গবাদিপশুর জন্য গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজী মদ্দীন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস গাছের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

0 Comments