কক্সবাজারের ঈদগাঁওয়ে গভীর রাতে কথিত মদ-জুয়ার আসর থেকে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বারসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার, ১ জুলাই ২০২৬ ভোররাত ৪টার দিকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার অদূরে একটি সেমিপাকা ঘরে প্রতি রাতে মদ ও জুয়ার আসর বসানো হয়, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স ঘরটি ঘেরাও করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদস্যরা অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে দরজা খোলা হয়নি। পরে দরজা ভাঙার ঘোষণা দিলে ভেতরে থাকা ব্যক্তিরা দরজা খুলতে বাধ্য হন।
পুলিশ দেখে জুবায়েদ উল্লাহ জুয়েল, যিনি জুয়েল মেম্বার নামে পরিচিত, টয়লেটে ঢুকে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। সেখান থেকে ভোররাত ৪টার দিকে তাকেসহ ৬ জনকে আটক করে ঈদগাঁও থানায় নিয়ে যায় আভিযানিক পুলিশ ফোর্স।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ সময় উৎসুক শত শত স্থানীয় মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আটক জুবায়েদ উল্লাহ জুয়েল ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং সদ্য ঘোষিত ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, কমিটি ঘোষণার পর গত ২৮ জুন রাতে ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটায় দলীয় কার্যালয়ে জুয়েলসহ ইউনিয়ন বিএনপি নেতাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয় সংগঠনটি।
এদিকে কথিত মদ-জুয়ার আসর থেকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বারসহ ৬ জনকে আটক করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদগাঁও থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা। পুলিশের এমন ভূমিকা অব্যাহত রাখার দাবিও জানিয়েছেন তারা।
তবে অভিযানের বিষয়ে ঈদগাঁও থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে মামলা সংক্রান্ত বিস্তারিত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সোর্স: দৈনিক ইনকিলাব।
ঈদগাঁওয়ে থানার অদূরে সেমিপাকা ঘরে অভিযানে বিএনপি নেতা জুয়েল মেম্বারসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়।


0 Comments