আগামী পাঁচ বছরের মধ্যে বিদেশে এক কোটি দক্ষ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে বর্তমানে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এসব প্রতিষ্ঠানে ৫৫টি ভিন্ন ভিন্ন ট্রেডে স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স করানো হচ্ছে।
নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কর্মীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, অভিবাসন প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ (ওইপি) নামক ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে বিদেশ গমনেচ্ছুদের বিভিন্ন পর্যায়ে মধ্যস্বত্বভোগী বা দালালদের দৌরাত্ম্য অনেকাংশে হ্রাস পেয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, দালাল ও সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে। এছাড়া স্থানীয় পর্যায়ে অভিবাসন কার্যক্রম তদারকির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে যা নিরাপদ অভিবাসন নিশ্চিতে কাজ করছে।
আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। দালালদের দৌরাত্ম্য কমাতে ডিজিটাল প্ল্যাটফর্ম ও নতুন নীতিমালা চালুর কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


0 Comments