বান্দরবানের থানচি উপজেলায় বম জনগোষ্ঠীর দুই ব্যক্তিকে আটকের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এই সমাবেশ থেকে আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। পিসিপির ঢাকা মহানগর শাখা এই কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২ জুলাই থানচি উপজেলার থাংদোয়াই পাড়া থেকে ৬৫ বছর বয়সী চমখুপ বম এবং সেরকর পাড়া থেকে ৫৫ বছর বয়সী জৌথোয়াং বমকে নিজ বাড়ি থেকে কেএনএফ সদস্য সন্দেহে আটক করা হয়। জৌথোয়াং বমকে কথিত অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হলেও চমখুপ বমের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।
সমাবেশে পিসিপি নেতারা আরও বলেন, ২০২২ সাল থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) দমনের নামে বম জনগোষ্ঠীর অসংখ্য নারী, পুরুষ ও শিশুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে প্রায় ৮০ জন বম সদস্য কারাবন্দি রয়েছেন এবং এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলেও সমাবেশে জানানো হয়। নেতারা অবিলম্বে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্বিচার ধরপাকড়সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘন বন্ধের জোর দাবি জানান।
পিসিপির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক বাহাদুর ত্রিপুরার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক অংসালা মারমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সমর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা এবং হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রূপসী চাকমা। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা নগর শাখার সভাপতি তৈয়ব ইসলাম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের রাকিব উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মোজাম্মেল হক এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সংগঠক নাইম উদ্দিন।
থানচিতে দুই বম ব্যক্তিকে আটকের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। আটককৃতদের নিঃশর্ত মুক্তিসহ পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।


0 Comments