লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের একটি পুরনো ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ১৯ বছর আগের এই ছবিতে দেখা যায়, তৎকালীন বার্সেলোনা তারকা মেসি একটি বাথটাবে শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন। মূলত ২০০৭ সালে স্প্যানিশ দৈনিক স্পোর্ত ও ইউনিসেফের একটি যৌথ দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবিটি তোলা হয়েছিল। বার্সেলোনার মূল দলের খেলোয়াড়রা সেই সময় শিশুদের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন, যেখানে মেসির সঙ্গী হয়েছিলেন ছয় মাস বয়সী ইয়ামাল।
আলোকচিত্রী হোয়ান মনফোর্তের তোলা এই ঐতিহাসিক মুহূর্তটি নিয়ে ইউনিসেফ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিস্তারিত তথ্য শেয়ার করেছে। সংস্থাটি নিশ্চিত করেছে যে, ছবিটি সম্পূর্ণ বাস্তব। প্রায় ১৮ বছরেরও বেশি সময় আগে একটি তহবিল সংগ্রহের ফটোশুটে ইয়ামাল ও তার মা শেইলা মেসির সঙ্গে দেখা করেছিলেন। বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম দুই তারকা হিসেবে মেসি ও ইয়ামাল দুজনেই ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন এবং শিশুদের অধিকার ও সুরক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছেন।
ইয়ামালের বাবা মুনির নাসরাউই সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিগুলো শেয়ার করে একে দুই কিংবদন্তির শুরু হিসেবে অভিহিত করেছেন। মেসি ইতিমধ্যে ফুটবলের ইতিহাসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, আর ইয়ামালও তার পারফরম্যান্স দিয়ে ভবিষ্যতের কিংবদন্তি হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। ২০২৪ সালে ইউরো জয়ী ইয়ামাল এখন বার্সেলোনার হয়ে মাঠ মাতাচ্ছেন।
উল্লেখ্য, আসন্ন ফুটবল বিশ্বকাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই তারকা। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে, যেখানে জয়ী হলে তারা তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বজয়ের কীর্তি গড়বে। অন্যদিকে, ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন তাদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। মাঠের লড়াইয়ে নামার আগে মেসি ও ইয়ামালের এই স্মৃতিময় ছবি ফুটবল প্রেমীদের মাঝে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।
মেসি ও ইয়ামালের ১৯ বছর আগের সেই ভাইরাল ছবির পেছনের গল্প জানালো ইউনিসেফ। ২০০৭ সালের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা এই ছবি এখন ফুটবল ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


0 Comments