ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

টেকনাফে বন্ধুর ফাঁদে পড়ে অপহৃত চার যুবক উদ্ধার, গহীন পাহাড়ে যৌথ বাহিনীর সাড়াশি অভিযান

টেকনাফে বন্ধুর ফাঁদে পড়ে অপহৃত চার যুবক উদ্ধার, গহীন পাহাড়ে যৌথ বাহিনীর সাড়াশি অভিযান

কক্সবাজারের টেকনাফে বন্ধুর প্রতারণার শিকার হয়ে অপহরণ হওয়া চার যুবককে উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব। মঙ্গলবার (৩০ জুন) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে দিনভর যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া যুবকরা হলেন ফেনীর দাউদকান্দি গণিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এমাম হোসেন (১৮), একই এলাকার আব্দুল করিমের ছেলে এমাম হোসেন জিসান (২৩), ফেনী সদরের রামপুর গ্রামের মো. সেলিমের ছেলে তৌহিদুল ইসলাম তামিম (১৯) এবং হবিগঞ্জের ফুটি ঝুড়ি উপজেলার জজ মিয়ার ছেলে সুমন মিয়া ওরফে হোসাইন (২২)।

ঘটনার বিবরণে জানা যায়, টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকার বাসিন্দা রাসেল ফেনীতে ওই যুবকদের সাথে রঙের কাজ করতেন। রাসেল তার এক আত্মীয়ের বাড়িতে রঙের কাজ দেওয়ার কথা বলে গত শুক্রবার (২৬ জুন) তাদের টেকনাফে নিয়ে আসেন। ওইদিন সন্ধ্যায় তারা রঙ্গীখালী পৌঁছালে রাসেল ও তার সহযোগীরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যায়। সেখানে তাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সন্তানদের জীবন বাঁচাতে ভুক্তভোগী পরিবারগুলো বিভিন্ন দফায় আড়াই লাখ টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের প্রদান করে।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে গোয়েন্দা নজরদারি শুরু হয়। অবশেষে মঙ্গলবার স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায় পুলিশ ও র‌্যাব রঙ্গীখালী পাহাড়ে সাড়াশি অভিযান পরিচালনা করে চারজনকে উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ভিকটিমদের ভাষ্যমতে রাসেল নামের ওই যুবকই তাদের অপহরণের মূল পরিকল্পনাকারী। এই চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংক্ষেপে:
টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত চার যুবককে উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব। কাজের প্রলোভন দেখিয়ে বন্ধু রাসেল তাদের অপহরণ চক্রের হাতে তুলে দেয়। মুক্তিপণের জন্য চালানো হয় অমানবিক নির্যাতন।
টেকনাফে বন্ধুর ফাঁদে পড়ে অপহৃত চার যুবক উদ্ধার, গহীন পাহাড়ে যৌথ বাহিনীর সাড়াশি অভিযান

0 Comments