চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় দুটি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/১-এস থেকে প্রায় ৪.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের নলজুরী গ্রামের শান্তির মোড় বাজার এলাকায় তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত দুটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মোবাইল ফোনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। একইসঙ্গে সব ধরনের সীমান্ত অপরাধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে দুটি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি। বৃহস্পতিবার বিকেলে আজমতপুর সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। চোরাচালান রোধে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে।


0 Comments