মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা তীব্রতর করে বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্রের টানা ১৩ দিনের হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান এই পদক্ষেপ নিয়েছে বলে শুক্রবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির জ্বালানি ট্যাংক, সরঞ্জামের গুদাম ও সেনাদের আবাসন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। একইসঙ্গে জর্ডানের মুওয়াফফাক সালতি (আল-আজরাক) বিমানঘাঁটির হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও আবাসন এলাকাতেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দেশটির সেনাবাহিনী নিশ্চিত করেছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, ইরানের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে বিপন্ন করবে।
অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ড্রোন মজুতকেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হুমকি কমিয়ে আনা এবং ইরানকে জবাবদিহিতার আওতায় আনাই এই হামলার মূল উদ্দেশ্য বলে দাবি করেছে সেন্টকম।
তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি তোহিদ আসাদি জানিয়েছেন, ইরানের কেশম দ্বীপ এবং খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজে শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এছাড়া খুজেস্তানের আন্দিমেশক ও ওমিদিয়া শহরেও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে বলে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্রতর হচ্ছে। বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাল্টা জবাবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় অঞ্চলটিতে অস্থিরতা বাড়ছে।


0 Comments