কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে এক সাধারণ দিনমজুরের ছেলের আকাশচুম্বী উত্থান নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থাইংখালী এলাকার বাসিন্দা ওসমানের জীবনযাপন এখন কোনো ধনকুবেরের চেয়ে কম নয়। অথচ তার বাবা আবুল কালাম ছিলেন একজন সাধারণ দিনমজুর ও কৃষিশ্রমিক, যিনি কোল্ডস্টোরে কাজ করে সংসার চালাতেন। স্থানীয়দের অভিযোগ, হাইস্কুলের গণ্ডি না পেরোনো ওসমান মাত্র কয়েক বছরের ব্যবধানে সীমান্তভিত্তিক ইয়াবা কারবারে জড়িয়ে এখন শত কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন।
অনুসন্ধানে জানা গেছে, রহমতেরবিল এলাকার ওসমান বছর দুয়েক আগে মাদক পাচারের বাহক হিসেবে কাজ শুরু করেন। দ্রুতই তিনি রোহিঙ্গা মাদকচক্রের সঙ্গে সখ্য গড়ে তোলেন এবং নিজস্ব একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেন। বর্তমানে তার নিয়ন্ত্রণে বড় বড় ইয়াবার চালান দেশে প্রবেশ করছে বলে অভিযোগ রয়েছে। ওসমানের এই অবৈধ আয়ের প্রতিফলন দেখা যায় তার স্থাবর-অস্থাবর সম্পদে। সম্প্রতি তিনি থাইংখালীতে প্রায় সোয়া পাঁচ কোটি টাকা মূল্যের ৩ একর জমি কিনেছেন। এছাড়া জামতলী এলাকায় ৪৩ লাখ টাকায় একটি বাড়ি এবং উত্তর রহমতেরবিলে ৫০ লাখ টাকায় আরেকটি বসতভিটা ক্রয় করেছেন। তার সংগ্রহে রয়েছে পাঁচটি টিয়ারেক্স গাড়ি, একটি এক্সনোহা স্কয়ার গাড়ি এবং একাধিক দামি মোটরসাইকেল।
স্থানীয়রা জানান, ওসমানের এই সিন্ডিকেটে অন্তত ছয়জন সক্রিয় সদস্য রয়েছে, যাদের প্রত্যেকের কাছে বিদেশি পিস্তল থাকার তথ্য পাওয়া গেছে। গত ১৩ জুন বিজিবির অভিযানে এই চক্রের সদস্য ফয়সালকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু অসাধু সদস্যের সঙ্গে সখ্য থাকায় ওসমান নির্বিঘ্নে এই কারবার চালিয়ে যাচ্ছেন। দিনমজুর আবুল কালাম ও বুলবুল আক্তার দম্পতির ছেলের এমন রহস্যময় উত্থান ও বিলাসবহুল জীবনযাপন পুরো এলাকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উখিয়ার পালংখালীতে দিনমজুরের ছেলের অবিশ্বাস্য উত্থান নিয়ে তোলপাড়। ইয়াবা কারবারে জড়িয়ে মাত্র কয়েক বছরেই শত কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন ওসমান নামের এক কিশোর। তার এই রহস্যময় সম্পদের উৎস নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।


0 Comments