ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি: উপকূলীয় ১২ জেলায় উদ্ধার স্পিডবোট দেওয়ার ঘোষণা ত্রাণমন্ত্রীর

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি: উপকূলীয় ১২ জেলায় উদ্ধার স্পিডবোট দেওয়ার ঘোষণা ত্রাণমন্ত্রীর

প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার লক্ষ্যে উপকূলীয় জেলাগুলোতে বিশেষ স্পিডবোট সরবরাহ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার দুর্যোগ ব্যবস্থাপনাকে কেবল ত্রাণনির্ভর না রেখে সমন্বিত ঝুঁকি হ্রাসভিত্তিক পদ্ধতিতে রূপান্তর করেছে।

মন্ত্রী আরও জানান, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১২টি উপকূলীয় জেলার ৩৫টি উপজেলায় টেলিযোগাযোগ সরঞ্জাম, মেগাফোন, সাইরেন, লাইফ জ্যাকেট ও প্রাথমিক চিকিৎসা কিটসহ বিভিন্ন জরুরি উপকরণ সরবরাহ করা হয়েছে। এছাড়া উপকূলীয় ১২ জেলার প্রতিটিতে একটি করে মোট ১২টি উদ্ধার স্পিডবোট এবং বন্যাপ্রবণ ৫টি জেলায় অগভীর পানিতে চলাচলের উপযোগী ৪৩টি উদ্ধার নৌকা দেওয়া হবে।

আসাদুল হাবিব দুলু বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকলেও সরকারের আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও কার্যকর প্রস্তুতির ফলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেক কমেছে। বর্তমানে বহুমুখী ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার পাশাপাশি পর্যাপ্ত খাদ্য সহায়তা ও ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সিপিপি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে জরুরি অপারেশন সেন্টারগুলো সচল রয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

সংক্ষেপে:
উপকূলীয় ১২ জেলায় উদ্ধার স্পিডবোট ও ৫ জেলায় ৪৩টি বিশেষ নৌকা দিচ্ছে সরকার। সংসদে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি: উপকূলীয় ১২ জেলায় উদ্ধার স্পিডবোট দেওয়ার ঘোষণা ত্রাণমন্ত্রীর

0 Comments