প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন।
সাক্ষাৎকালে জাইকার অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন বিভিন্ন মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইনসমূহ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে এটি উদ্বোধন করা সম্ভব হবে।
বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় জাপানের পক্ষ থেকে আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। বাংলাদেশের জন্য জাপানের বর্তমান ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ৫০০ মিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান সম্মতি জানায়। এছাড়া দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। জাপানি প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি পেট্রোল বোট প্রদানের বিষয়টিও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহযোগিতা ও আন্তর্জাতিক পর্যায়ে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।
জাপানের প্রতিনিধি দলে ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো। জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে সফরের ইচ্ছা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মাতারবাড়ী বন্দর, জ্বালানি খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।


0 Comments