চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই চাঞ্চল্যকর দৃশ্য দেখা যায়। এসময় স্থানীয় বাসিন্দা, পথচারী ও গাড়ি চালকদের রাস্তা থেকে ইয়াবা কুড়িয়ে নিতে দেখা গেছে। অনেক ইয়াবা বিভিন্ন যানবাহনের চাকার নিচে পিষ্ট হয়ে নষ্ট হয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জনি জানান, মহাসড়কের ওপর বিপুল পরিমাণ ইয়াবা পড়ে থাকতে দেখে তারা এগিয়ে যান। সেখানে দুটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখা যায়। স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে জনিসহ কয়েকজন মিলে নীল প্লাস্টিকে মোড়ানো ১০ থেকে ১২টি প্যাকেট এবং কয়েকশ খুচরা ইয়াবা কুড়িয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুবক দাবি করেন, তিনি নিজেই দুই থেকে তিনশ পিস ইয়াবা কুড়িয়ে দিয়েছেন। তবে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা নিয়ে পুলিশের তথ্যের সাথে স্থানীয়দের দাবির কিছুটা পার্থক্য দেখা গেছে।
ঘটনাস্থলে আসা সীতাকুণ্ড থানার এসআই অনিক জানান, তারা ১০০ থেকে ১৫০ পিস ইয়াবা এবং প্রায় ১০০ গ্রাম ওজনের ইয়াবার গুঁড়া উদ্ধার করেছেন। এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, এসআই অনিকের দেওয়া তথ্যমতে ধারণা করা হচ্ছে, মাদক নিয়ন্ত্রণ সংস্থার ধাওয়া খেয়ে মাদক কারবারিরা এসব ইয়াবা ফেলে পালিয়ে গেছে। বিষয়টি নিয়ে থানায় পৌঁছানোর পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার পিস ইয়াবা কুড়িয়ে নিলেন পথচারীরা। মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় এসব ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ।


0 Comments