বরগুনার তালতলী উপজেলায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে প্রবেশ করে গাছ কাটা ও রাস্তা তৈরির অভিযোগে দায়ের করা মামলায় এক ইউপি সদস্যসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৫ জুলাই) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার ছকিনা বিট অফিসের আওতাধীন নিদ্রারচর ডিসি পয়েন্ট এলাকার সংরক্ষিত বনের ভেতর স্থানীয় ইউপি সদস্য মো. শহিদ আকনের নেতৃত্বে একদল লোক অনাধিকার প্রবেশ করেন। অভিযুক্তরা বনের গাছ কেটে সেখানে বসার বেঞ্চ নির্মাণ এবং মাটি কেটে রাস্তা তৈরি করেন। এই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।
কারাগারে পাঠানো অন্য অভিযুক্তরা হলেন মাসুদ খান, সবুজ ফকির, কুডি মোল্লা ও মোহাম্মদ নেকিয়ার হোসেন। রোববার তারা আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তা নাকচ করে দেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
বরগুনার তালতলীতে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে প্রবেশ করে গাছ কাটা ও রাস্তা তৈরির অভিযোগে ইউপি সদস্যসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বন বিভাগের মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


0 Comments