মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে বুধবার রাতে শুরু হওয়া তীব্র বিমান হামলা ও বিস্ফোরণের বিকট শব্দে বাংলাদেশের টেকনাফ সীমান্ত এলাকা কেঁপে উঠেছে। রাত সাড়ে ৯টার পর থেকে হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাংসহ বিভিন্ন সীমান্ত এলাকায় এই ভয়াবহ শব্দ শোনা যায়। ওপার থেকে ভেসে আসা তীব্র বিস্ফোরণের শব্দে এপার সীমান্তের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বুধবার (১ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিট থেকে এই বিকট শব্দ অনুভূত হতে থাকে।
টেকনাফের বাসিন্দা মুরশেদ আলম জানান, রাখাইনে তীব্র বিমান হামলার প্রভাবে সীমান্ত এলাকা এমনভাবে কেঁপে উঠেছে যা আগে কখনো অনুভূত হয়নি। বিস্ফোরণের তীব্রতা ও ঝাঁকুনিতে মনে হচ্ছিল যেন ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়বে। হোয়াইক্যং এলাকার নূর মোহাম্মদ জানান, শব্দের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে এটি বিমান হামলা নাকি বড় কোনো মর্টারশেল বিস্ফোরণ তা নিয়ে দ্বিধা তৈরি হয়েছে।
এই বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস, এম অনীক চৌধুরী জানান, ওপারে মিয়ানমারের মংডু ও বুচিডং এলাকায় বিমান হামলা চলার কারণে বিকট শব্দ শোনা যাচ্ছে। তবে ভয়ের কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ও কোস্ট গার্ড সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তিনটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদস্যরা সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছেন।
মিয়ানমারের মংডুতে ভয়াবহ বিমান হামলার বিকট শব্দে কেঁপে উঠেছে টেকনাফ সীমান্ত। বুধবার রাত থেকে শুরু হওয়া এই বিস্ফোরণে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিজিবি ও কোস্ট গার্ড সতর্ক অবস্থানে রয়েছে।


0 Comments