ভারতের বিহার রাজ্যের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুরে একটি বিয়ের অনুষ্ঠানে খাবারের মেনু নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। খাসির মাংসের বদলে মুরগি পরিবেশন করাকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে এই বিবাদ শুরু হয়, যা পরবর্তীতে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ আনোয়ারের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ ওরফে চাঁদের সঙ্গে মোহাম্মদ জাভেদ ওরফে মোটোর মেয়ের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে শেষ হলেও বিপত্তি বাধে খাবার টেবিলে। বরপক্ষের দাবি ছিল, তাদের খাসির মাংস খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু খাবারের সময় পাতে মুরগির মাংস দেখে তারা ক্ষুব্ধ হন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উভয় পক্ষের লোকজন একে অপরের ওপর চড়াও হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অপ্রীতিকর ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারতের বিহারে বিয়ের অনুষ্ঠানে খাসির বদলে মুরগির মাংস পরিবেশন করা নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে।

0 Comments