ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের মাত্র কয়েক ঘণ্টা আগে গাড়িভর্তি প্রায় ১৬ কোটি টাকা নিয়ে বরিশাল ছেড়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত খোকন আব্দুল্লাহ। অভিযোগ উঠেছে, এই বিপুল পরিমাণ অর্থ হুন্ডির মাধ্যমে মালয়েশিয়া ও সিঙ্গাপুর হয়ে যুক্তরাষ্ট্রে পাচার করা হয়েছে। রাজনৈতিক নেতা ও সাবেক সহযোগীদের দেওয়া তথ্যানুযায়ী, গত ৪ আগস্ট গভীর রাতে স্ত্রী লুনা আব্দুল্লাহকে নিয়ে বরিশাল ত্যাগ করেন খোকন আব্দুল্লাহ। প্রথমে খুলনায় এক আত্মীয়ের বাসায় এবং পরবর্তীতে এক প্রভাবশালী নেতার আশ্রয়ে কয়েক মাস অবস্থান করেন তিনি। এরপর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে আসাম ও কলকাতা হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি টেক্সাসে অবস্থান করছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বরিশাল ছাড়ার আগে কয়েক ঘণ্টার প্রস্তুতিতে বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ব্যাগে ভরে নেওয়া হয়। তার তৎকালীন এপিএস রুবেলের দেওয়া তথ্যমতে, সঙ্গে নেওয়া নগদ অর্থের পরিমাণ ছিল প্রায় ১৬ কোটি টাকা। পরবর্তীতে ওই অর্থ হুন্ডির মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হয় এবং সেখান থেকে সিঙ্গাপুরে তার ছেলে প্রত্যুষ সেরনিয়াবাতের নামে থাকা প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। শেষ পর্যন্ত ওই অর্থ যুক্তরাষ্ট্রে নেওয়া হলেও এই প্রক্রিয়ায় প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া বরিশাল ছাড়ার পর খুলনায় অবস্থানকালে বিসিসির কয়েকজন ঠিকাদারের প্রায় ২৭ কোটি টাকার বিলের চেকে ব্যাকডেটে স্বাক্ষর করার অভিযোগ রয়েছে খোকন আব্দুল্লাহর বিরুদ্ধে। এই কাজে তার তৎকালীন এপিএস রুবেল এবং সিটি করপোরেশনের প্রকৌশল ও হিসাব শাখার কয়েকজন কর্মকর্তা তাকে সহযোগিতা করেছেন বলে দাবি করা হয়েছে। প্রতিটি চেকে স্বাক্ষরের বিনিময়ে মোট বিলের ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়া হতো। বর্তমানে খোকন আব্দুল্লাহ যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ডিপার্টমেন্টাল স্টোর ও পেট্রোল পাম্পে বিনিয়োগ করে সেখানে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করছেন। এদিকে, দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও শতকোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৬ কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র খোকন আব্দুল্লাহ। হুন্ডির মাধ্যমে অর্থ পাচার ও দুর্নীতির নানা অভিযোগ নিয়ে বিস্তারিত জানুন।


0 Comments