ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

জাবিতে নবীনদের র‍্যাগিং: ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করল বিশ্ববিদ্যালয় প্রশাসন

জাবিতে নবীনদের র‍্যাগিং: ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করল বিশ্ববিদ্যালয় প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং করার অভিযোগে একই বিভাগের দ্বিতীয় বর্ষের ১২ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাত ১১টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায় ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। এ সময় নবীনদের অকথ্য ভাষায় গালিগালাজ, কান ধরিয়ে রাখা এবং শিষ্টাচার শেখানোর নামে বিভিন্নভাবে হেনস্তা করা হয়। এই কর্মকাণ্ড ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৫(উ) ধারার পরিপন্থী হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী নাছিম উদ্দিন মজুমদার, আল-বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজুর রহমান, শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী আবদুল্লাহ মাহদী ও শুভাশীষ রায়, নবাব সলিমুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী আবু আবতাহী অনিক, রায়হান খান ও নাঈমুল হাসান, এ এফ এম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ইসফাক হাদী, শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী নাঈম আহমেদ ও কার্তিক চন্দ্র রায় এবং মাওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী কাজী শাহ জামশেদ আলম নাবিল ও সাইফুল্লাহ মানসুর আনান।

ঘটনার দিন এক নবীন শিক্ষার্থী কৌশলে জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতির কাছে বার্তা পাঠালে প্রক্টরিয়াল টিম ও অ্যান্টি-র‍্যাগিং সেলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অভিযুক্তদের হাতেনাতে ধরে নিরাপত্তা অফিসে নিয়ে যান এবং পরবর্তীতে ভিডিও ও লিখিত জবানবন্দি গ্রহণ করা হয়। এর প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

সংক্ষেপে:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। অভিযুক্তরা ৫৪তম ব্যাচের শিক্ষার্থী। প্রক্টরিয়াল টিম তাদের হাতেনাতে ধরে এই ব্যবস্থা নেয়।
জাবিতে নবীনদের র‍্যাগিং: ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করল বিশ্ববিদ্যালয় প্রশাসন

0 Comments