বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদে নৌকাডুবির ঘটনায় জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম তিন্দু বড়পাথর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাহিয়ান ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। ১৩ জনের একটি পর্যটক দলের সাথে আলীকদম হয়ে তিন্দু এলাকায় গিয়েছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, মাহিয়ানসহ পর্যটকদের দলটি বিপজ্জনক তিন্দু সড়ক হয়ে সেখানে পৌঁছান। শুক্রবার বিকেল পাঁচটার দিকে তারা দুটি যন্ত্রচালিত নৌকা নিয়ে বড়পাথর এলাকায় ভ্রমণে বের হন। এ সময় খরস্রোতা সাঙ্গু নদের প্রবল স্রোতে একটি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা অন্য পর্যটকরা তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়ান স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রহিদুর রহমান জানান, ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি চালালেও নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা জোরদার করতে চট্টগ্রাম থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দলের সদস্যরা পৌঁছালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, হ্যাবল ত্রিপুরা নামের একজন গাইডের সহায়তায় পর্যটকরা আলীকদম হয়ে তিন্দুতে প্রবেশ করেন। তারা থানচি হয়ে না যাওয়ায় তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশের কাছে ছিল না। এছাড়া তিন্দু এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করাও কঠিন হয়ে পড়েছে।
বান্দরবানের থানচিতে সাঙ্গু নদে নৌকা ডুবে জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে তিন্দু বড়পাথর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।


0 Comments