গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করছিলেন শফিজল ইসলাম। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা’ উচ্চারণ করার পরপরই মঞ্চে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয় এবং একপর্যায়ে তিনি দ্রুত মঞ্চ ত্যাগ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে তাঁর কবর জিয়ারত শেষে ঢাকা ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা এই পথসভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান, সুমাইয়া ফারজানা এবং গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। ঘটনার বিষয়ে এনসিপির জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম জানান, শফিজল ইসলাম আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জনসম্মুখে বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা কম থাকায় ভুলবশত তিনি ‘জয় বাংলা’ বলে ফেলেছেন, যা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তবে এ বিষয়ে শফিজল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চললেও কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মঞ্চ ত্যাগ করেছেন নেতা শফিজল ইসলাম। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঘটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


0 Comments