রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার) ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে। 'প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা' স্লোগানে আয়োজিত এই কর্মসূচির আওতায় প্রযুক্তিপণ্য কিনে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা। বৃহস্পতিবার (০২ জুলাই) ইসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিএস কম্পিউটার সিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুল হাসান দিপু, সদস্য সচিব মো. নজরুল ইসলাম হাজারী এবং যুগ্ম সদস্য সচিব মো. এহতেশামুল হক। আয়োজকরা জানান, ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চলা এই অফারের আওতায় প্রতি এক হাজার টাকার কেনাকাটায় ক্রেতারা একটি করে কুপন পাবেন। পরবর্তীতে লটারির মাধ্যমে ১১ জন বিজয়ীকে নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য থাকছে কক্সবাজার ভ্রমণের বিশেষ প্যাকেজ, যেখানে বিমান টিকিট, আবাসন ও খাবারের সম্পূর্ণ ব্যয় বহন করবে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সদস্য সচিব মো. নজরুল ইসলাম হাজারী বলেন, বিশ্বকাপের আনন্দকে প্রযুক্তিপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচি প্রযুক্তি বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের একই প্ল্যাটফর্মে যুক্ত করবে এবং বাজারে ইতিবাচক সাড়া ফেলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসিএস কম্পিউটার সিটির সদস্য মো. মোশাররফ হোসেন, মো. আবু তুহিন চৌধুরী, মো. শেখ মাঈন উদ্দিন মজুমদার (সোহাগ), মোহাম্মদ নোমান শিকদারসহ মার্কেটের ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী ২০ জুলাই রাত ৮টায় র্যাফেল ড্রর মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
মাল্টিপ্লান সেন্টারে প্রযুক্তিপণ্য কিনে লটারিতে জিতে নিন কক্সবাজার ভ্রমণের বিমান টিকিটসহ আকর্ষণীয় প্যাকেজ। ২০ জুলাই পর্যন্ত চলা এই বিশেষ অফারে অংশ নিতে পারবেন সকল প্রযুক্তিপ্রেমী ক্রেতারা।


0 Comments