জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সংগীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মৃদুলা সমদ্দার এবার একুশে টেলিভিশনের সংগীতানুষ্ঠান ‘গানের ওপারে’-তে একসঙ্গে অংশগ্রহণ করছেন। এই বিশেষ আয়োজনের মূল বৈশিষ্ট্য হলো তারা দুই প্রজন্মের শিল্পী হওয়ার পাশাপাশি বাস্তব জীবনেও গুরু ও শিষ্যা।
মৃদুলা সমদ্দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে পড়ার সময় ড. প্রিয়াংকা গোপের ছাত্রী ছিলেন এবং দীর্ঘ সময় তাঁর কাছে উচ্চাঙ্গ সংগীতের তালিম নিয়েছেন। পিরোজপুরের মেয়ে মৃদুলা ২০০৬ সালে ‘এটিএন তারকা’ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে সংগীতাঙ্গনে নিজের যাত্রা শুরু করেন।
অনুষ্ঠানে ড. প্রিয়াংকা গোপ গেয়েছেন হৈমন্তী শুক্লা, নির্মলা মিশ্র, আঞ্জুমান আরা এবং নীলুফার ইয়াসমিনের জনপ্রিয় কিছু গান। অন্যদিকে মৃদুলা সমদ্দার পরিবেশন করেছেন শুভমিতা, মিতালী মুখার্জি, দিলরুবা খান ও আশা ভোঁসলের কালজয়ী গানগুলো।
অনুষ্ঠানটি প্রসঙ্গে ড. প্রিয়াংকা গোপ বলেন, একুশে টিভির এই আয়োজনে আবারও প্রিয় কিছু গান গাইতে পেরে ভালো লাগছে। মৃদুলা অত্যন্ত মেধাবী ও শেখার প্রতি আগ্রহী একজন শিল্পী। গুরু হিসেবে তাকে নিয়ে আমি গর্বিত।
মৃদুলা সমদ্দার তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রিয়াংকা দিদি আমার গানের গুরু। তাঁর সঙ্গে একই অনুষ্ঠানে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সৌভাগ্যবান মনে করছি। শিগগিরই অনুষ্ঠানটি একুশে টেলিভিশনে সম্প্রচারিত হবে।
একুশে টেলিভিশনের জনপ্রিয় সংগীতানুষ্ঠান গানের ওপারে-তে এবার একসঙ্গে গান গাইবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ড. প্রিয়াংকা গোপ ও তাঁর সুযোগ্য শিষ্যা মৃদুলা সমদ্দার। গুরু-শিষ্যার এই বিশেষ আয়োজনটি শিগগিরই প্রচার হবে।


0 Comments