ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এর ফলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার সকাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্দেশে সব ধরনের নৌযান চলাচল স্থগিত রাখা হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সমুদ্র উত্তাল থাকায় এবং ৩ নম্বর সতর্কসংকেত বহাল থাকায় নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিএ নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। ফলে হাতিয়ার কোনো ঘাট থেকে কোনো নৌযান ছেড়ে যেতে পারেনি। তিনি আরও জানান, সকাল থেকে এলাকায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

এদিকে নৌ যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা জানান, নলচিরা ও চেয়ারম্যানঘাটে অনেক যাত্রী ভিড় করলেও নৌযান না চলায় তারা ফিরে যেতে বাধ্য হয়েছেন। সি-ট্রাক, ফেরি, স্পিডবোট ও ট্রলারসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। জাফর আহমেদ নামে এক যাত্রী জানান, জরুরি কাজে চেয়ারম্যানঘাটে গিয়েও তিনি গন্তব্যে পৌঁছাতে না পেরে ফিরে এসেছেন।

নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উচ্চ পর্যবেক্ষক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সংক্ষেপে:
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ৩ নম্বর সতর্কসংকেত জারি হওয়ায় হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএর নির্দেশে সব ধরনের নৌযান চলাচল স্থগিত করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা

0 Comments