সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল পদত্যাগ করলেই মো. সাহাবুদ্দিনের দায় শেষ হয়ে যায় না। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দ্রুত তাঁকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এসব কথা বলেন। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকেই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদে থাকার নৈতিক ও রাজনৈতিক বৈধতা হারিয়েছিলেন। খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনের অংশীজনরা শুরু থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। তবে শুরুতে বিএনপি এই দাবির পক্ষে অবস্থান না নিয়ে তাঁকে পদে বহাল রাখার পরিবেশ তৈরি করেছিল। পরবর্তীতে দলটির অবস্থান পরিবর্তনের পর তিনি পদত্যাগে বাধ্য হন, যা রাজনৈতিক সমীকরণ নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে মো. সাহাবুদ্দিনের পরস্পরবিরোধী বক্তব্য তাঁর সাংবিধানিক দায়িত্ব ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, সংবিধান লঙ্ঘন এবং এস আলম গ্রুপের আর্থিক কেলেঙ্কারিতে সহযোগিতার মতো গুরুতর অভিযোগগুলোর স্বচ্ছ ও বিচারিক তদন্ত হওয়া প্রয়োজন। দেশের মানুষ কোনো রাজনৈতিক সমঝোতা নয়, বরং ন্যায়বিচার চায় বলে সরকারের প্রতি আহ্বান জানান দলটির শীর্ষ নেতৃবৃন্দ।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের নেপথ্যে রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছেন।


0 Comments