টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক মাদ্রাসাছাত্রের বিস্ময়কর মেধা ও স্মৃতিশক্তি সামাজিক যোগাযোগমাধ্যমসহ নিজ এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ইসমাইল হোসেন জালালী নামের এই শিক্ষার্থী মাত্র এক মিনিটে বিশ্বের সব দেশের নাম বলতে পারেন। এছাড়া মাত্র ২৩ সেকেন্ডে বাংলাদেশের ৬৪টি জেলা এবং ৩ মিনিট ৪০ সেকেন্ডে দেশের ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলার নাম অনর্গল বলে যাওয়ার সক্ষমতা অর্জন করেছেন তিনি।
ইসমাইল হোসেন জালালী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের আমড়াতৈল গ্রামের শফিকুল ইসলাম জালালীর ছেলে। তিনি বর্তমানে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। কেবল সাধারণ জ্ঞান নয়, সুমধুর কণ্ঠে আজান এবং মহান আল্লাহ তাআলার ৯৯টি নাম পাঠেও তার বিশেষ পারদর্শিতা রয়েছে।
নিজের এই প্রতিভা সম্পর্কে ইসমাইল জানান, ছোটবেলা থেকেই বিশ্ব মানচিত্র, বিভিন্ন দেশ এবং বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সম্পর্কে তার ব্যাপক আগ্রহ ছিল। সেই কৌতূহল থেকেই নিয়মিত চর্চার মাধ্যমে তিনি এসব তথ্য আয়ত্ত করেছেন। ভবিষ্যতে একজন আলেম হয়ে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করতে চান তিনি। এ লক্ষ্যে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল হোসেন জানান, ইসমাইলের বাবা একজন মসজিদের ইমাম। ছোটবেলা থেকেই ইসমাইল ব্যতিক্রমী বিষয় নিয়ে চর্চা করত এবং তার এই বিস্ময়কর প্রতিভা এলাকায় প্রশংসিত হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, সঠিক পরিচর্যা পেলে ইসমাইল ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের নাম উজ্জ্বল করতে পারবেন।
মাত্র এক মিনিটে বিশ্বের সব দেশের নাম এবং ২৩ সেকেন্ডে বাংলাদেশের ৬৪ জেলার নাম বলে তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইলের মাদ্রাসাছাত্র ইসমাইল হোসেন জালালী। তার এই বিস্ময়কর মেধা এখন সবার মুখে মুখে।


0 Comments